নিজেদের ফেভারিট ভাবছে না ব্রাজিল

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২১:৪২

আজকের

ফাইনালের

আগে

আত্মবিশ্বাসী

পেরু

g স্পোর্টস ডেস্ক

স্বাগতিক ব্রাজিল আজ রবিবার রাতে কোপা আমেরিকার ফাইনালে পেরুর মোকাবিলায় নিজেদের ফেবারিট হিসেবে দেখছে না। অপরদিকে কেবল তৃতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠে এলেও লড়াইয়ের আগে বেশ আত্মবিশ্বাসী পেরু।

বাংলাদেশ সময় রাত দুইটায় ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শুরু হবে খেলাটি।

কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিলেরই গ্রুপসঙ্গী ছিল পেরু। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে তাদের ৫-০ গোলে বিধ্বস্তও করেছিল কোচ তিতের শিষ্যরা। সেই ম্যাচের পর অনেক সময় গড়িয়েছে। গ্রুপ পর্বে আট গোল করা ব্রাজিল নকআউট পর্বের দুই ম্যাচে করেছে দুই গোল।

অন্যদিকে সেরা দুটি তৃতীয় দলের একটি হয়ে নকআউটে পা রাখা পেরু পরের দুই ম্যাচে হারিয়েছে শেষ তিন আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে আর চিলিকে। এ সময়ে তারা প্রতিপক্ষের জালে জড়িয়েছে তিন গোল। তাই ফাইনালের আগে দলটিকে বেশ সমীহের চোখেই দেখছে তিতের দল।

ব্রাজিল লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো মনে করেন চূড়ান্ত লড়াইয়ে পরিষ্কার ফেবারিট নয় কোনো দলই। তিনি বলেন, ‘প্রত্যেকটা ম্যাচেরই আলাদা ইতিহাস থাকে। ফাইনালে কেউ ফেভারিট নয়। ফাইনালে যে কোনো কিছু ঘটতে পারে।’

আরেক সেলেসাও ডিফেন্ডার মার্কিনহোসের কণ্ঠেও ঝরে পড়ল সান্দ্রোরই সুর। তিনি জানান, কঠিন এক ম্যাচের প্রত্যাশায় থাকা ব্রাজিল দল পেরুকে নিয়ে বেশ সতর্কতা অবলম্বন করছে। পিএসজি ডিফেন্ডারের ভাষায়, ‘আমরা কঠিন এক ম্যাচেরই প্রত্যাশা করছি। প্রথমার্ধে পাওয়া গোলই ফলাফল নির্ধারণ করে দেবে না। এটা কঠিন এক ম্যাচই হতে যাচ্ছে।’

গ্রুপ পর্বে পেরুকে বড় ব্যবধানে হারালেও এই ম্যাচে পরিস্থিতি সম্পূর্ণ আলাদাই হতে যাচ্ছে বলে জানান মার্কিনহোস। তিনি বলেন, ‘ফুটবলে পরিস্থিতি খুব তাড়াতাড়ি পাল্টে যায় এবং আমরা সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে পেরুর মুখোমুখি হতে যাচ্ছি। টুর্নামেন্টের অন্য ম্যাচ থেকে ফাইনালের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা।’

এদিকে ৪৪ বছর পর ফাইনালে আসা পেরু শিবির এই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী। নকআউট পর্বে উরুগুয়ে ও চিলিকে ছিটকে দেয়া দলটির শেষ বাধাটাও উতরে যাবার সামর্থ্য আছে, বিশ্বাস দলটির কোচ রিকার্দো গারেকার।

তিনি বলেন, ‘ফাইনালে উঠলে জেতার চেষ্টাটা আপনাকে করতেই হবে। আপনার হাতে আর কোনো বিকল্প নেই। নিজেদের মেধা দিয়ে ফাইনালে এসেছি আমরা। দলটা খুবই শক্তিশালী এবং একেই ফাইনালে আসার মূল কারণ বলে মনে করি আমি। বাধাগুলো অতিক্রম করার শক্তি এই দলের আছে।’

ব্রাজিলের বিপক্ষে খেলাটা কঠিন হলেও তিতের দলকে হারানো অসম্ভব কিছু নয় বলে মনে করেন গারেকা। পেরুর আর্জেন্টাইন কোচের অভিমত, সেলেসাওদের হারানোর মতো রসদ তার দলের আছে।

তিনি বলেন, ‘ব্রাজিলকে হারানোর মতো খেলোয়াড় আমাদের আছে। আমরা এ মুহূর্তে সেরা অবস্থায় আছি। যদি আমাকে ফাইনাল খেলার সময় পছন্দ করতে বলা হতো, আমি এখনই খেলার কথা বলতাম। কিন্তু আমরা জানি, আমরা যেভাবেই খেলি না কেন ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে।’