স্পোর্টস ডেস্ক
এবারের বিশ্বকাপটা যেন ক্রমেই একট বিদায়ের মঞ্চ হয়ে উঠছে। ভারতের মহেন্দ্র সিং ধোনি বলে রেখেছেন, বিশ্বকাপটাই তার শেষ আন্তর্জাতিক আসর। ইমরান তাহিরও বিশ্বকাপের পর আর খেলবেন না। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল কিংবা বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজাদের আর কখনোই বিশ্বকাপ খেলতে দেখা যাবে না। এবার বিদায়ের মঞ্চে সামিল হলেন আরেকজন ‘কিংবদন্তি’। তিনি হলেন পাকিস্তানের শোয়েব মালিক।
আগেই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপ দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি। সেই কথায় কোনো নড়চড় করলেন না। বিশ্বকাপে পাকিস্তানের মিশন শেষ হওয়া মাত্রই বলে দিলেন, আর নয় ওয়ানডে ক্রিকেট।
গেল শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ৯৪ রানের বড় জয় দিয়ে বিশ্বকাপ শেষ করলো পাকিস্তান। এরপরই টুইটারে নিজের বিদায়ী বার্তা জানিয়ে দেন মালিক। তিনি লিখেছেন, ‘আজ আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলাম। যাদের সঙ্গে আমি খেলেছি, যে কোচদের অধীনে কাজ করেছি, আমার পরিবার, বন্ধু, গণমাধ্যম, স্পন্সর—সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে সমর্থকদের প্রতি আমার ভালোবাসার শেষ নেই।’
৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার এখন মনোনিবেশ করতে চান টি-টোয়েন্টি ক্রিকেটে। তিনি আসছে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান। বললেন,‘আমি অনেকদিন হলো বিশ্বকাপ দিয়ে বিদায় জানানোর পরিকল্পনা করছিলাম। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক একটা মুহূর্ত কারণ এই ফরম্যাটটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। তবে আমি আনন্দিত যে এখন পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারবো। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগী হবো।’
পাকিস্তানের হয়ে ২৮৭টি ওয়ানডেতে শোয়েব মালিক ৭৫৩৪ রান করেন। ৩৪.৫৫ গড়ে তার রয়েছে নয়টি সেঞ্চুরি আর ৪৪টি হাফ-সেঞ্চুরি। একই সঙ্গে নিয়েছেন ১৫৮টি উইকেট। ক্যারিয়ারটা বর্ণাঢ্য হলেও বিদায়টা অবশ্য মনে রাখার মতো হয়নি তার। বিশ্বকাপে তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। চলতি বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে করেন আট রান। এর বাদে বাকি দুটি ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি। ম্যানচেস্টারের ভারতের বিপক্ষে ম্যাচটাই তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইলো।
