১১৮ রানে এগিয়ে স্বাগতিকরা

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২১:৪৩

বিজয়ের সেঞ্চুরি

  স্পোর্টস রিপোর্টার

খুলনায় আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১১৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম শ্রেণির ক্রিকেটে বিজয়ের ১৮তম সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হয়েছিল ইমরুল কায়েসের দল। পরে ৪১ ওভার ব্যাট করে পাঁচ উইকেটে ১৩৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান। শাহিদ কামাল ২২, আফসার জাজাই ৯ রানে অপরাজিত আছেন।

প্রথম দিনে বৃষ্টির বাধা ঠেলে ৩৫ ওভারে চার উইকেটে ১১৯ রান তুলেছিল বাংলাদেশ। গতকাল বাকি ছয় উইকেটে আরও ১৩৪ রান যোগ করে স্বাগতিকরা। বিজয়-আফিফ হোসেনের পঞ্চম উইকেট জুটি ৮৯ রান তোলে। আফিফ ৫০ রান করে আউট হন। একপ্রান্ত আগলে বিজয় তুলে নিয়েছেন সেঞ্চুরি। তবে অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। তানবির হায়দার, সানজামুলরা সঙ্গ দিতে পারেননি বিজয়কে। ২০৫ বল খেলে ১২১ রান (১৪ চার, ২ ছয়) করে অপরাজিত ছিলেন এই ওপেনার। আফগানদের পক্ষে ইয়ামিন আহমেদ জাই, কায়েস আহমেদ তিনটি করে, নাভিন দুটি ও শরাফুদ্দিন একটি করে উইকেট পান।

বাংলাদেশের বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি সফরকারীরাও। ৬৪ রানের ওপেনিং জুটির পরও ১১৬ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। সানজামুল ৪৮ রানে তিনটি উইকেট নেন। সালাউদ্দিন শাকিল ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট পান। আফগান ব্যাটসম্যানদের মধ্যে উসমান গনি ৩৯, ইব্রাহিম জাদরান ৩৭, বাহির মাহবুব ১৪, দারউইশ রাসুল ১৩ রান করেন।