স্পোর্টস রিপোর্টার
মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশনের (এইচআইএফ) সভায় গতকাল সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। এইচআইএফের সভা শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার ও সাজেদ আদেল সভা শেষে ঢাকায় এ কথা জানিয়েছেন।
বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের কথা গতকাল এইচআইএফের সভায় উত্থাপন করা হলে প্রায় সব দেশ সম্মতি দেয়। বাংলাদেশ হকি ফেডারেশন জানিয়েছে, ভারত প্রথমে একটু আপত্তি করলেও সেটিরও সমাধান হয়ে যায়। ছয় জাতির এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলার সুযোগ পাবে স্বাগতিক দেশ হিসেবে। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো নির্ধারণ হবে এশিয়ার র্যাংকিংয়ের ওপর ভিত্তি করে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের জুলাই-আগস্টে অলিম্পিক গেমস হবে জাপানের টোকিওতে। তার আগেই ঢাকায় চ্যাম্পিয়ন্স হকির টুর্নামেন্ট হতে পারে, যেটি অলিম্পিকের প্রস্তুতি হিসেবে কাজে আসবে। এই টুর্নামেন্ট দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ আসর হয়েছিল ২০১৮ সালে। সেবার ভারত, পাকিস্তান, জাপান, কোরিয়া, মালয়েশিয়ার সঙ্গে স্বাগতিক দেশ হিসেবে ওমান খেলার সুযোগ পেয়েছিল। এই টুর্নামেন্ট আয়োজন করতে হলে বাংলাদেশকে স্বাগতিকের ফি জমা দিতে হবে। সেটা কত টাকা, তা জানা যায়নি। জানা গেছে, সেপ্টেম্বরে থাইল্যান্ডে ইনডোর হকি টুর্নামেন্টের সময় বাংলাদেশের সঙ্গে এশিয়ান হকি ফেডারেশনের সমঝোতামুলক একটি চুক্তি হবে। এই টুর্নামেন্ট এশিয়া কাপের মর্যাদা পায়। কারণ এশিয়া কাপ হকিতে যেসব দেশ খেলে থাকে, তারাই আবার এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে থাকে। বাংলাদেশ ১৯৮৫ সালে প্রথমবার এবং ২০১৭ সালে দ্বিতীয়বার এশিয়া কাপ হকির আয়োজন করেছিল।
বাংলাদেশে হকি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পাশাপাশি গতকাল এইচআইএফের সভায় সিদ্ধান্ত হয়েছে যে জুনিয়র এশিয়া কাপ (অনূর্ধ্ব-২১) হকির বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে। একসঙ্গে দুটি আয়োজনের বড় উদ্যোগ দেশের হকির দর্শক ঘরে বসে দেখবে।
