স্পোর্টস রিপোর্টার
চার ম্যাচ পর মোহামেডান জয়ের দেখা পেয়েছে। হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের খেলায় মোহামেডান ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে পয়েন্ট টেবিলে আরেকটু উপরে উঠেছে। রেলিগেশনের আশঙ্কায় থাকা দলটি এখনও নিশ্চিত না যে তারা বেঁচে গিয়েছে। এখনও লড়াই করছে রহমতগঞ্জ, নোফেল এবং ব্রাদার্সের বিপক্ষে। সুবিধাজনক স্থানে যেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। তবে কাল রাতে বৃষ্টি ভেজা মাঠে মোহামেডানের জয়টি দারুণ কাজে আসছে। যদিও গোল নিয়ে বিতর্ক রয়েছে। মোহামেডান ৬৫ মিনিটে পেনাল্টি হতে গোল আদায় করে। জাপানী ফুটবলার ইউরি পেনাল্টি হতে গোল করেন ১-০। এই গোল নিয়ে চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা প্রতিবাদ জানিয়েছেন। রেফারী সুজিত ব্যানার্জীর পেনাল্টির সিদ্ধান্তটি বিতর্ক তুলেছিল মাঠে। চট্টগ্রাম আবাহনীর ডাগআউটে থাকা সবাই সহকারী রেফারী ফেরদৌস আহমেদের দিকে তেড়ে গিয়েছিলেন। এই নিয়ে খানিকটা বাক-বিতণ্ডার পর চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তা শাকিলকে মাঠ থেকেও বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারী। পরিস্থতি শান্ত হলে খেলা শুরু হয়। কয়েক মিনিট ব্যবধানে দ্বিতীয় গোলটি করেন মোহামেডানের মালীর ফরোয়ার্ড সুলায়মান দিবাটে ২-০। মোহামেডানের পয়েন্ট ১৮ খেলায় ১৭ এবং চট্টগ্রাম আবাহনীর ১৯ খেলায় ২২ পয়েন্ট। গোপালগঞ্জে অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচ রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা গোলশুন্য ড্র হয়েছে। দিনের অন্য ম্যাচে শেখ জামালকে ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল। আজকের খেলা ঃ বসুন্ধরা ও বিএজএমসি। ৪টা, নীলফামারী।
