ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোটের দিন ব্যাগে করে কেন্দ্রে অস্ত্র নিয়ে যাওয়ার হুমকি দেওয়া সেই ইউপি সদস্য কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) কসবা উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত কবির হোসেন উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
এর আগে গত ৩ মে উপজেলার ব্রাহ্মণগ্রাম পশ্চিমপাড়ায় চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী ছাইদুর রহমানের নির্বাচনী সভায় তিনি সবাইকে কেন্দ্রে অস্ত্র নিয়ে যাওয়ার কথা বলেন। এরপরই এক মিনিট ১৯ সেকেন্ডের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে ইউপি সদস্য কবির হোসেনকে বলতে শোনা যায়, ভোটের দিন প্রত্যেকে যার যার ব্যাগে যার যার অস্ত্র লইয়া মাঠে আসতে হবে। এ সময় তিনি ওই এলাকার কেন্দ্র থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী ছাইদুর রহমানকে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি ছাইদুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য কবির হোসেন বলেন, আমি ব্যাগ বলতে গতি বুঝিয়েছি। আর অস্ত্র বলতে ভোটকে বুঝিয়েছি। আসলে গ্রামের ভাষায় আবেগ নিয়ে বলতে গিয়ে বিষয়টা অন্যরকম শোনা গেছে। উপজেলা নির্বাহী অফিসার আমাকে বিষয়টি নিয়ে ডেকেছেন। আমি এভাবে বলে এসেছি। এ সময় চেয়াম্যান প্রার্থী ছাইদুর রহমান উপস্থিত ছিলেন।
বিষয়টি নিয়ে অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. রাশেদুল কাওসার ভূঁইয়া (আনারস) প্রতীক নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিতভাবে জানিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাশ বলেন, অভিযুক্ত কবির হোসেন নির্বাচনী প্রচার অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
