খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০০

সুনামগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম পলাতক খুনি নূর চৌধুরীকে দ্রুত ফিরিয়ে আনার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। 

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে ছাত্রলীগের নেতা রুয়েল আমহদ তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিক উজ্জ্বল, সদস্য রেজাউল আলম নিক্কু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা শাখার যুগ্ম আহবায়ক এম বি ফজলুল করিম, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্ত প্রমুখ।

বক্তরা বলেন, জাতির পিতার হত্যাকারী পলাতক নূর চৌধুরী দেশের বাইরে আমেরিকায় অবস্থান করছে। তাই কূটনৈতিক তত্পরতার মাধ্যমে এই খুনিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের জন্য সরকারের নিকট তারা জোর দাবি জানান।