বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল বাকৃবি শিক্ষার্থীর

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০১

বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুক্রবার বিকালে বহিরাগত মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থীর পা ভেঙে গেছে। তিনি হলেন ভেটেরিনারি অনুষদের সাজ্জাত প্রান্ত। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থী ও মোটরবাইক আরোহী দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম-সংলগ্ন রাস্তা দিয়ে বেপরোয়াভাবে দুটি মোটরসাইকেল যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে সাজ্জাত প্রান্ত সাইকেল চালিয়ে আসছিলেন। একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে গেলেও অপর মোটরসাইকেলটির অত্যধিক গতি থাকায় সাইকেল অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে সাজ্জাত সাইকেল থেকে দূরে ছিটকে পড়েন।

প্রক্টর ড. আজহারুল হক বলেন, দুর্ঘটনার পরে সাজ্জাতের সুস্থতার জন্য প্রাথমিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।