তিতাসে লাশ হাসপাতালে ফেলে দুই ব্যক্তির পলায়ন!

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০১

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যক্তির লাশ ফেলে পালিয়ে গেছে অজ্ঞাত দুই ব্যক্তি। শনিবার সকাল ৭টায় আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করায় কৌশলে পালিয়ে যায় ঐ দুই ব্যক্তি। প্রথমে মৃতের পরিচয় পাওয়া না গেলেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার পরিচয় পাওয়া যায়। নিহত মো. আবুল হোসেন ওরফে জুবায়েদ (৩৫) বরিশালের হিজলা থানার মানন্দ্র গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তাবলিগ জামাতের সদস্য হিসেবে গত ২৮ দিন যাবত্ সে তিতাসে অবস্থান করছেন।

তাবলিগ জামাতের আমির হাফেজ মো. আল আমিন জানান, মুসল্লিদের দিনের দাওয়াতের জন্য আমরা ১৮ জনের একটি দল গত ২৮ দিন যাবত্ তিতাসের কালাইগোবিন্দপুর গ্রামের মোজাম্মেল মেম্বারের বাড়ির জামে মসজিদে অবস্থান করছি। প্রতিদিনের মতো শনিবার ফজর নামাজ শেষে জুবায়েদ মুসল্লিদের দিনের দাওয়াত দেওয়ার জন্য মাছিমপুর বাজারের দিকে রওনা হন। ফেসবুকে জুবায়েদের ছবি ভাইরাল হলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি আমরা জানতে পারি। জুবায়েদের বাড়ি বরিশাল হলেও সে দীর্ঘদিন যাবত্ স্ত্রী ও ৩ বছরের এক কন্যা সন্তান নিয়ে ঢাকার লালবাগ থানার কামরাঙ্গিরচরে বসবাস করছেন। তিনি আরো জানান, জুবায়েদের লাশ তিতাস থানায় রাখা হয়েছে, তার বাবা ও বড়ো ভাই আসার পর তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে।

তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম জানান, নিহতের মাথার পেছনের দিকে ফেটে যাওয়ায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। মূলত অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে সিএনজি অটোরিকশা ধাক্কা মেরেছে। লোকটি মুমূর্ষু অবস্থায় থাকায় সিএনজির চালকসহ দুইজন তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিত্সক তাকে মৃত ঘোষণা করায় লাশ ফেলে ঐ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।