হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। শনিবার দুপুরে সদর উপজেলার দীঘলবাক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীঘলবাক গ্রামের তোতা মিয়া প্রায় ৫ বছর পূর্বে খুন হন। এরপর তার আত্মীয় একই গ্রামের আব্দুল আজিজ ও আব্দুর রাজ্জাক নিহতের পরিবারকে দেওয়ার জন্য গ্রাম থেকে কিছু টাকা উত্তোলন করেন। উক্ত টাকা সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের নিকট জমা রাখা হয়। পরবর্তী সময়ে উক্ত টাকা তার পরিবারকে দেওয়ার জন্য তুলে নিয়ে আসেন আব্দুর রাজ্জাকসহ কয়েকজন। কিন্তু তারা সে টাকা নিহতের পরিবারকে দেননি। এ নিয়ে আব্দুর রাজ্জাক ও আব্দুল আজিজের মাঝে বিরোধ দেখা দেয়। এর প্রেক্ষিতে বিষয়টি মীমাংসার জন্য শনিবার গ্রামে সালিশ বৈঠক বসে। এতে গোপায়া ইউপির সাবেক চেয়ারম্যান চৌধুরী মিছবাহুল বারী লিটন, বর্তমান ইউপি মেম্বার সোনাই মিয়াসহ স্থানীয় মুরব্বিরা উপস্থিত ছিলেন। দুপুরে নামাজের বিরতি দেওয়া হলে এ সুযোগে উভয় পক্ষের লোকজন একে অপরের ওপর পালটাপালটি হামলা চালায়। এতে ইউপি মেম্বার সোনাই মিয়াসহ উল্লেখিত সংখ্যক লোক আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, দুই পক্ষের মাঝে ঢিল ছুড়াছুড়ি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাত্ক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
আজমিরীগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে শান্ত দাস (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পূর্বকালনী গ্রামের বাসিন্দা সুশান্ত দাসের ছেলে। এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে গ্রামের পাশে মাঠে ফুটবল খেলতে যায় শান্ত। সন্ধ্যায় মাঠে ঝিরঝির বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাত্ বিকট শব্দে বজ্রপাত হয়। তখন বজ্রপাতের আঘাতে শান্ত দাস ঘটনাস্থলেই মারা যায়।
