কক্সবাজারে হাইসাওয়ার
কর্মশালায় বক্তারা
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহর ও আশপাশ এলাকায় সুপেয় পানির স্তর ক্রমে নিম্নমুখী হচ্ছে। উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ হার ভয়াবহ। মিলছে না চাষাবাদের পানিও। পানির স্তর ক্রমে নিচে নামলে ভয়াবহ ভূমিধসের আশঙ্কাও রয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে হলে ধরে রাখতে হবে বৃষ্টির পানি। পাশাপাশি পরিশোধনের মাধ্যমে মাটির উপরের পানি করতে হবে পানযোগ্য।
স্থানীয় সরকার বিভাগ পরিচালিত হাইসাওয়ার (হাইজিন, স্যানিটেশন এন্ড ওয়াটার সাপ্লাই প্রোগ্রাম) কক্সবাজারে চলমান প্রকল্প বিষয়ে ইনফরমেশন শিয়ারিং কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন।
হোটেল ওশান প্যারাডাইসের বলরুমে হাইসাওয়া বোর্ড কমিটির সদস্য চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেগম তছলিমা আবছারের সভাপতিত্বে শনিবার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও হাইসাওয়া বোর্ড কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন, সুইজারল্যান্ড অ্যাম্বেসী ঢাকার প্রোগ্রাম ম্যানেজার সাইদুর রহমান মোল্লা, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা চেয়ারম্যান ও হাইসাওয়া কমিটির সদস্য স্বপন কুমার দাশ, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সরোয়ার কামাল।
কর্মশালায় সারাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, এনজিও এবং জিও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।
