‘বিএনপি মনোনীতদের অনেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত ও ঋণখেলাপি। এ কারণে তারা বৈধ প্রার্থী হননি। প্রত্যেকটি মনোনয়ন পত্র রিটার্নিং অফিসার পরীক্ষা-নিরীক্ষা করে যেগুলো বৈধ সেগুলোকে বৈধ ঘোষণা করেছে। আর যেগুলো বাতিল যোগ্য সেগুলোকে বাতিল করা হয়েছে। বাতিল কি কারণে করা হচ্ছে সেটি সুনির্দিষ্ট ভাবে জানিয়ে দেওয়া হচ্ছে।’
গতকাল রবিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন কারণে অন্যান্য দলেরও মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এটি শুধু বিএনপির বেলায় হয়েছে যে তা নয়। তিনি বলেন, বিএনপির রাজনীতিটাই হচ্ছে মিথ্যাচার। তাদের রাজনীতি অপপ্রচারের ওপর প্রতিষ্ঠিত। নির্বাচনকে সামনে রেখে তারা অপপ্রচার আরো বাড়িয়েছে। তারা আমাদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া জনপ্রিয় অভিনয় শিল্পীদের নামে নিউজ পোর্টাল খুলে অপপ্রচার চালাচ্ছে। এভাবে জনগণকে বিভ্রান্ত করার চরম অপচেষ্টা তারা চালিয়ে আসছে। লন্ডন এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে এসব কর্মকান্ড চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
