গাইবান্ধা থেকে ঢাকায় বাস চলাচল বন্ধ

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০৬

শ্রমিক ইউনিয়ন-বাস মালিক দ্বন্দ্বের জের

 গাইবান্ধা প্রতিনিধি

চাঁদা আদায় ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে বাস মালিকদের দ্বন্দ্বের জেরে গাইবান্ধা থেকে ঢাকাগামী সকল বাস চলাচল শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে। তবে টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল অব্যাহত রয়েছে। শনিবার দুপুরে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী সকল বাস  সেখানে রাখা হয়েছে। টিকিট কাউন্টারগুলোও বন্ধ। বাস চালকসহ শ্রমিকরা অলস সময় পার করছেন। হঠাত্ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেকে বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার কেউ কেউ অতিরিক্ত টাকা খরচ করে বিকল্প যানবাহনে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন।

বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, মালিক সমিতির নামে গাইবান্ধায় শ্রমিক ইউনিয়নের লোকজন ঢাকাগামী প্রতিটি চেয়ারকোচ বাস থেকে ৩৬০ টাকা চাঁদার স্থলে ৪৪০ টাকা করে আদায় করছে। এছাড়া পথে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে শ্রমিক ইউনিয়নের নেতারা নানা কারণে বাসের স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। অতিরিক্ত চাঁদা আদায় ও হয়রানি করার ঘটনায় ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। অচিরেই চাঁদা আদায় বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়ার কথাও জানান তারা। অরিণ ট্রাভেলসের ম্যানেজার রেজাউল করিম পলাশ বলেন, অতিরিক্ত চাঁদা আদায় ও বাস স্টাফদের সঙ্গে শ্রমিক ইউনিয়নের নেতাদের খারাপ ব্যবহারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। গাইবান্ধা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, বিষয়টি দ্রুত নিরসনের চেষ্টা চলছে।