প্রকৃত নৈতিক শিক্ষাই নয়ন বন্ডদের উত্থান ঠেকাতে পারে — গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০৭

পিরোজপুর অফিস

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, প্রকৃত নৈতিক শিক্ষাই নয়ন বন্ডদের উত্থান ঠেকাতে পারে। প্রাথমিক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রকৃত নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি গতকাল শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাবান্ধব সরকার দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়বিহীন গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করছে। গত ১০ বছরে দেশের বেসরকারি এবং রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে এসব বিদ্যালয়ের লাখ লাখ শিক্ষক-কর্মচারীর চাকরি সরকারিকরণ করেছে।

নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার প্রমুখ। মন্ত্রী নাজিরপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ৮৮টি প্রজেক্টর এবং ১৩৩টি সাউন্ড সিস্টেম প্রদান করেন।