মাদকের বিরুদ্ধে পুলিশ যুদ্ধ ঘোষণা করেছে

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:১৩

মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আইজিপি

বিশেষ প্রতিনিধি

পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। একটি সুস্থ সমাজ বিনির্মাণে মাদক বড় অন্তরায়। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে এ আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ আন্দোলনে নেতৃত্বে এগিয়ে আসতে হবে দেশের মেধাবী তরুণ সমাজকে। গতকাল শনিবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর পিএসসি কনভেনশন হলে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যবৃন্দের কৃতি সন্তানদের ‘মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৯’ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, বর্তমানে পুলিশ বাহিনীর পরিধি অনেক রেড়েছে, পুলিশের প্রতি মানুষের প্রত্যাশাও দিন দিন বাড়ছে। এ প্রত্যাশা পূরণে সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আইজিপি প্রত্যেক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন। অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুনাক সভানেত্রী হাবিবা জাবেদ, অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন এআইজি (হেলথ এন্ড এডুকেশন) তাপতুন নাসরীন। উল্লেখ্য, বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আগ্রহে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে ২০১৮ সাল থেকে পুলিশ হতে মেধাবৃত্তি প্রদান করা হচ্ছে।