শিরোপা প্রত্যাশি ভারত গতকাল শনিবার রাতে বিশ্বকাপের খেলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পথেই ছিল। এ রিপোর্ট লেখার সময় শ্রীলঙ্কার দেয়া ২৬৫ রানের টার্গেটের জবাবে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারত ২৫তম ওভারশেষে বিনা উইকেটে ১৫২ রান তোলে। ক্রীজে অপরাজিত ছিলেন দুই ওপেনার কেএল রাহুল (৬৮) ও রোহিত শর্মা (৮১)।
অ্যাঞ্জেলা ম্যাথুজের সেঞ্চুরিতে শ্রীলঙ্কা এর আগে পুরো ৫০ ওভার ব্যাট করে সাত উইকেটে ২৬৪ রান তোলে। হেডিংলির লিডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ম্যাথুজের এটি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। যশপ্রিত বুমরাহ ৩৭ রানে তিন উইকেট দখল করেন।
বিশ্বকাপের ৪৪তম এই ম্যাচটি শ্রীলঙ্কার জন্য ছিল নিয়মরক্ষার। কেননা দ্বীপদেশটি আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে। তবে সেমিফাইনাল নিশ্চিতের পরও বিরাট কোহলির দলের জন্য আবার এটি হলো পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার ম্যাচ।
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া গতকাল রাতে দক্ষিণ আফ্রিকার সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছিল। সর্বশেষ এ রিপোর্ট লেখার সময় টস জয়ী দক্ষিণ আফ্রিকা অজিদের বিরুদ্ধে ৪৫তম ওভার শেষে তিন উইকেট হারিয়ে ২৭৬ রান তোলে।
