কলেজ ছাত্র, প্রভাষক ও প্রকৌশলীসহ গতকাল শনিবার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও সংবাদদাতাদের পাঠানো খবর—
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : উপজেলার নেকমরদ দেহনি গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার খেজমত আলী খোকন (৪৩) গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি ঢাকা আজিজ গ্রুপের মার্কেটিং ম্যানেজার। মাইক্রোবাসে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাবার পথে বড় খোচাবাড়ি নামক স্থানে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোর অপর ছয় যাত্রীর মধ্যে চারজন গুরুতর আহত হন।
তালা (সাতক্ষীরা) : উপজেলার পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহানারা বেগম (৩৮) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। তিনি তালা পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক। উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা তিনি। গতকাল সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, পুলিশ ড্রাইভারসহ ট্রাকটি আটক করেছে।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : গতকাল নাগেশ্বরীতে ভটভটি চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত রফিকুল ইসলাম রাকিব (১৮) উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব সাপখাওয়া গ্রামের আমির হোসেনের একমাত্র পুত্র। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, রায়গঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ঐ ছাত্র কলেজ থেকে বের হয়ে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কে সাইকেলে বাড়ি ফিরছিল। এসময় একটি গরু বোঝাই ও একটি ধান বোঝাই ভটভটি পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া সাইকেল আরোহী রাকিবকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাকিবের চাচা ঐ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখের আলী থানায় একটি মামলা করেন।
সাভার (ঢাকা) : আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় নয়ন শেখ (৩০) নামে এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছে। গতকাল আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নয়ন শেখ পঞ্চগড় জেলার সদর থানার পাহাড়বাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে।
ডুমুরিয়া (খুলনা) : খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কাঁঠালতলা বাজারে গতকাল সকালে মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরা হলেন—আকবার হোসেন মোড়ল (৫৫), রেহেনা বেগম (৪৫), আজমির হোসেন (৮), ফারিয়া বেগম (২২) প্রমুখ। চুকনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহমুদ আলম জানান, খুলনাগামী মাইক্রোবাস ঢাকা মেট্রো-চ-(১১-৪৬৫৮) চুকনগরগামী পিকআপ (খুলনা মেট্রো-ন-১১-০৯৬২) প্রচণ্ড বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দ উপজেলার নলকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়া এলাকার আব্দুল মজিদ মজুমদার (৬০) ও একই এলাকার আবুল খায়ের (৬০)। আহতদের মধ্যে দুইজন হলেন শরিয়তপুর জেলার ফয়সাল (৩০) ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ গ্রামের সুরমান (২২)।
