আরো দুই জনের স্বীকারোক্তি

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:৩০

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মো. সাগর ও নাজমুল হাসান নামে দুইজন। বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে শুক্রবার তারা এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রিফাত হত্যা মামলার এজাহারে তাদের নাম উল্লেখ না থাকলেও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করে পুলিশ।

এছাড়াও এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাইমুন নামে একজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এ বিষয়ে রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির শনিবার এ প্রতিবেদককে বলেন, পাঁচদিনের রিমান্ড শেষে রিফাত শরীফ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত মো. সাগর ও নাজমুল হাসানকে আদালতে হাজির করা হলে তারা উভয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পর এর আগেও গত ২৮ জুন নাজমুল হাসানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। তিনদিনের রিমান্ড শেষে তাকে গত ৩০ জুন রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করলে নাজমুলের আবারো পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এছাড়াও আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা তানভীর একই আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং বৃহস্পতিবার রিফাত হত্যা মামলার ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি মো. হাসানও একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজি সাতদিনের রিমান্ডে রয়েছেন।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রাস্তায় রিফাত শরীফকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ডসহ সন্ত্রাসীরা।