বঙ্গোপসাগরে তিন ট্রলারডুবিতে নিখোঁজ ৫

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:৩৫

বঙ্গোপসাগর উত্তাল থাকায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিনটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩৩ জেলেকে উদ্ধার করা হলেও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে গতকাল শনিবার সকাল থেকে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় জেলেরা জানান, বঙ্গোপসাগরে দমকা বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামের সোহরাব প্যাদার মালিকানাধীন এফবি মায়ের দোয়া, ছোটবাইশদিয়া ইউনিয়নের রাতুল মাঝির একটি ও চালিতাবুনিয়া ইউনিয়নের নিজাম ফকিরের একটি ট্রলার ডুবে যায়। চরমোন্তাজের ট্রলার মালিক ও মত্স্য ব্যবসায়ীরা জানান, ডুবে যাওয়া ওই তিন ট্রলারে থাকা ৩৮ জন মাঝিমাল্লার মধ্যে ৩৩ জন উদ্ধারের খবর পাওয়া গেলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে শনিবার সকাল থেকে অভিযান অব্যাহত আছে বলে জানান তারা। নিখোঁজ জেলেরা হলেন— জেলে রবিন হোসেন (২০), জেলে হাসান (১৮), মিজান (২৫), মনির (৪০) ও সাইদুল (৩৭)। কোস্টগার্ড রাঙ্গাবালী আউট পোস্টের কন্টিনজেন্ট কমান্ডার রবিউল ইসলাম জানান, ট্রলারগুলো গভীর সাগরে ডুবেছে। আমরা খোঁজ নিচ্ছি। রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ট্রলার ডুবির খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।