ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের দেয়া আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় ফের আন্দোলনে নামছেন ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী ৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দেবেন তারা। এর আগে তারা বিক্ষোভ করবেন। মানববন্ধনে আন্দোলনকারীরা বলেন, আজ মূলত শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলো। ৮ জুলাই দাবি আদায়ের নিশ্চয়তা না পাওয়া গেলে এদিনই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক নয়। অবস্থা এমন যেন তাদের ওপর আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে তাদের ভোগান্তি কখনোই পিছু ছাড়ছে না। ঢাবির অধিভুক্তির পর থেকে তীব্র সেশনজট, ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, ত্রুটিযুক্ত ফল প্রকাশসহ নানা সমস্যায় পড়তে হয়েছে আমাদের। এসব সমস্যার সমাধানে ঢাবি কর্তৃপক্ষ দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
