এরশাদ এখনো লাইফ সাপোর্টে, অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০০:২০

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ এখনো লাইফ সাপোর্টে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গতকাল শনিবার বিভিন্ন সময়ে এরশাদকে দেখতে যাওয়া জাপার একাধিক নেতা সংশ্লিষ্ট চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে ইত্তেফাককে জানিয়েছেন, তার কোনো অঙ্গ-প্রত্যঙ্গ তেমন কাজ করছে না। তার কিডনি দুটো বিকল প্রায়, ফুসফুসের সংক্রমণ কমানো যাচ্ছে না, হিমোগ্লোবিনের স্বল্পতায় রক্তে প্লাটিলেটের পরিমাণ আশঙ্কাজনক হারে কমে গেছে। গতকালও তাকে কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে।

হাসপাতালে এরশাদকে দেখে আসার পর জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের সংবাদ ব্রিফিংয়ে জানান, চিকিত্সকরা অত্যাধুনিক চিকিত্সা দিচ্ছেন। গত তিন দিন ধরে এরশাদকে ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেওয়া হচ্ছে। সিএমএইচের চিকিত্সকরা এরশাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঠিয়েছেন। সেখানকার বিশেষজ্ঞরা তাকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নিরুত্সাহিত করেছেন। এদিকে, এরশাদের লন্ডন প্রবাসী পালিত কন্যা মেহজাবিন শুক্রবার দেশে এসে গতকাল সিএমইচে তাকে দেখতে যান। এসময় এরশাদ পত্নী রওশন এরশাদ, পুত্র সাদ ও জাপার সাবেক মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদারও ছিলেন।