যেভাবে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় কিরগিজরা

আপডেট : ১৯ মে ২০২৪, ০১:০৫

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় কিরগিজরা। এতে বাংলাদেশিসহ পাকিস্তান, ভারত ও মিসরের শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরেও হামলা করেছে স্থানীয়রা। তবে সবচেয়ে বেশি আহত হয়েছেন পাকিস্তান ও মিসরের শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে।

বিশকেকে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা ইত্তেফাককে জানান, মূল ঘটনার সূত্রপাত গত ১৩ মে ধূমপান করাকে কেন্দ্র করে। এনিয়ে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। যারা ধূমপান করছিল তারা সকলেই ছিলো পাকিস্তান আর মিসর থেকে পড়তে আসা মেডিকেলের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বলেন, প্রথমে স্থানীয় কিরগিজরা এসে ধূমপান কেনো করে জানতে চায়। এরপর বাগবিতণ্ডা শুরু হলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে একজন শিক্ষার্থী দৌড়ে পালিয়ে যায়। কিরগিজরা তার পিছু নিয়ে তাদের হোস্টেল পর্যন্ত চলে আসে। এখানে এসে শিক্ষার্থীরা কিরগিজদের ওপর আক্রমণ করে।

এই ঘটনার ভিত্তিতে পরবর্তীতে পুলিশ কেইস হয়। গত ১৭ মে হঠাৎ করেই এই মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতেই ক্ষিপ্ত হন স্থানীয়রা। শুক্রবার স্থানীয় সময় রাত ১২ টা থেকে বিদেশিদের ওপর হামলা শুরু করে কিরগিজরা। বিশেষ করে পাকিস্তানিদের ওপর শুরু হয় হামলা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, আর্মিসহ সব নিরাপত্তা কর্মী মোতায়েন করে কর্তৃপক্ষ। এ সময় বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হোস্টেলের ভেতরে অবস্থান করতে বলা হয়। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। 

দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকলেও উজবেকিস্তানে থাকা বাংলাদেশের দূতাবাস দায়িত্ব পালন করে থাকে। এখানকার বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এ ছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। 

বাংলাদেশি শিক্ষার্থীদের পাঠানো বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ১৫–২০ জনের গ্রুপ করে একটি রুমের মধ্যে লুকিয়ে রয়েছেন। সেখানে এক ব্যক্তিকে নির্দয়ভাবে পেটানো হচ্ছে। একজন রাস্তায় পড়ে রয়েছেন। তবে কোন দেশের নাগরিক, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন একসঙ্গে ২০–২৫টি গাড়ি করে শহরে টহল দিয়ে বেড়াচ্ছেন।

কিরগিজস্তানে মূলত কতজন বাংলাদেশি রয়েছেন, তার কোনো পরিসংখ্যান নেই বাংলাদেশ দূতাবাসের কাছে। দূতাবাসের ধারণা, ৬০০ থেকে ৮০০ শিক্ষার্থী আর হাজারখানেকের মতো শ্রমিক কিরগিজস্তানে রয়েছেন।

ইত্তেফাক/এমএএম