ফের উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত ইরানের

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০০:২৪

ইরান আবারো উচ্চ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত দিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, পরমাণু সমঝোতায় ৩ দশমিক ৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে বাধ্যবাধকতা রয়েছে ৭ জুলাই থেকে তা আর মানবে না ইরান। তিনি বলেন, ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রয়োজন অনুযায়ী যেকোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তবে ইউরোপীয়রা পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে তেহরান এটি মেনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আবার ৩ দশমিক ৬৭ তে নামিয়ে আনবে। এদিকে ইরান প্রশ্নে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণকারী সংস্থা আইএইএ জানিয়েছে, তারা আগামী ১০ জুলাই ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে। -বিবিসি ও এপি