রোহিত শর্মার পঞ্চম সেঞ্চুরিতে শিরোপা প্রত্যাশী ভারত গতকাল শনিবার রাতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। অস্ট্রেলিয়া যদি গত রাতে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয় তাহলে বিরাট কোহলির দলই থাকবে শীর্ষে।
সেক্ষেত্রে আগামী মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।
ভারত কাল শ্রীলঙ্কার দেওয়া ২৬৫ রানের টার্গেট ৬.৩ ওভার হাতে রেখেই তুলে নেয়। হেডিংলিতে ভারতের এ জয়ে রোহিত ছাড়াও অবদান ছিল অপর সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলের। তবে রোহিত ১০৩ রান তোলার মধ্য দিয়ে কোনো একক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাকানোর রেকর্ড গড়লেন।
নিজের ১৬তম বিশ্বকাপ ম্যাচে রোহিত ৯২ বলে তিন অংকের ঘরে পৌছান। এর মধ্য দিয়ে সব বিশ্বকাপ মিলিয়ে শচিন টেন্ডুলকারের ছয়টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডে ভাগবসান তিনি। কিংবদন্তি শচিনের বিশ্বকাপ ম্যাচের সংখ্যা ৪৫টি।
এ নিয়ে ২১৪টি ওয়ানডে খেলে ২৭ সেঞ্চুরি করলেন রোহিত। তার পাশাপাশি লঙ্কানদের বিরুদ্ধে ওপেনার রাহুল করেন ১১১ রান। দুইজনের অনবদ্য প্রয়াসে ভারত তিন উইকেটে জয়ের লক্ষ্যে পৌছায়। অধিনায়ক কোহলি অপরাজিত ছিলেন ৩৪ রানে।
শ্রীলঙ্কা এর আগে অ্যাঞ্জেলা ম্যাথুজের (১১৩) সেঞ্চুরিতে ৫০ ওভার ব্যাট করে সাত উইকেটে ২৬৪ রান তোলে। টস জিতে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও এ সংগ্রহ যথেষ্ঠ ছিল না। ম্যাথুজের এটি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। যশপ্রিত বুমরাহ ৩৭ রানে তিন উইকেট দখল করেন।
বিশ্বকাপের ৪৪তম এই ম্যাচটি শ্রীলঙ্কার জন্য ছিল নিয়মরক্ষার। কেননা দ্বীপদেশটি আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে।
অজিদের ৩২৬ রানের
টার্গেট দিল প্রোটিয়ারা
এদিকে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানের লড়াইয়ে থাকা অস্ট্রেলিয়া গতকাল রাতে দক্ষিণ আফ্রিকার দেওয়া বড়ো সংগ্রহের জবাবে শুরুতেই দুই উইকেট খোয়ায়। সর্বশেষ এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়া ২১তম ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১১৩ রান তোলে।
