টেস্ট ক্রিকেটকে বলা হয়, ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট। এই আভিজাত্যের ফরম্যাটের ২০২৩ সালের রাজা (সেরা খেলোয়াড়) নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার উসমান খাজা। গতকাল আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের এক ভিডিও বার্তাতে বর্ষসেরা পুরস্কার হাতে দেখা যায় এই অজি ওপেনারকে।
গত বছর আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪১ গড়ে ৯৪৩ রান আসে অজি ব্যাটার উসমান খাজার ব্যাট থেকে। যা ছিল ঐ বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সর্বোচ্চ রান। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে হাসেনি খাজার ব্যাট। তবে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ায় গেল বছরের সেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হন এই পাকিস্তানি বংশোদ্ভূত অজি ক্রিকেটার।
গতকাল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে একটি ভিডিও শেয়ার করে। সেই ভিডিওতে দেখা যায়, ২০২৩ সালের টেস্ট খেলোয়াড়ের পুরস্কার হাতে উসমান খাজা। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে খাজা বলেন, ‘এটি সম্ভবত আমার জীবনের সবচেয়ে বড় সম্মাননা। আমার ক্যারিয়ারের যে কোনো সময় বিশেষ করে দুই বছর আগে, যদি আমি আপনাকে বলতাম আমি আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হব। তখন আপনি এটা শুনে হাসতেন। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় পুরস্কার।’
