কুমিল্লায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে আরিফুর রহমান রিমন নামে এক কলেজছাত্র। গতকাল রোববার বিকালে জেলার কোটবাড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের মাঠে এ ঘটনা ঘটে। রিমন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরিক্ষা শেষে রবিবার বিকালে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে ক্যাম্পাসের নিকটবর্তী একটি খেলার মাঠে রিমন ফুটবল খেলতে নামে। এ সময় বজ্রপাতের আঘাতে রিমন মাটিতে লুটিয়ে পড়ে। পরে সহপাঠী ও স্থানীয়রা রিমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, আজ সোমবার সকালে জানাজা শেষে তাকে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
