শ্রীপুরে গুলি করে যুবককে হত্যা: পিস্তল-ইয়াবাসহ আসামি গ্রেপ্তার 

আপডেট : ২৩ মে ২০২৪, ২২:১৩

গাজীপুরের শ্রীপুরে মহড়া দিয়ে গুলি করে ফরিদ আহমেদকে হত্যার ঘটনায় ইমরান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৮টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ। 

গ্রেপ্তারকৃত মো. ইমরান হোসেন (২৫) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার মোশারফ হোসেনের ছেলে। পরে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।

গোয়েন্দা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার গুলি করে একজনকে হত্যার ঘটনায় একই দিন শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশের একটি দল মাওনা চৌরাস্তার পাশে পল্লি বিদ্যুৎ মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি ইমরানকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ করা হলে তার থাকার ঘর থেকে একটি চায়না পিস্তাল, ২টি তাজা গুলিসহ একটি ম্যাগজিন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই ফারুক হোসেন বলেন, আসামি গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়েছে। তিনি নিজেই এই দুটি মামলার বাদী। 

উল্লেখ্য, ২১ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মাটির মসজিদের পাশে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে সেখানে শাকিব নামের একজন ইমরানকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা মো. ফরিদ আহমেদের(২৭) শরীরে লাগে। এতে তার মৃত্যু হয়। জামা যায় দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ ছাড়া ওই দুটি গ্রুপের মধ্যে মাদক ব্যবসার অধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। 

ইত্তেফাক/পিও