মেঘ বালিকা

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২০:২০

আঞ্জুমন আরা

 

মেঘ বালিকার চোখের জল

কান্না হয়ে ঝরে,

গাছের ডালে টিনের চালে

টাপুর টুপুর পড়ে।

 

সবুজ পাতায় লাগে নাচন

নতুন পানির ছোঁয়ায়,

থোকায় থোকায় কদম, কেয়া

বৃষ্টি জলে ধোয়ায়।

 

মেঘবালিকার শক্তি কতো

সূর্যকে দেয় রুখে,

ঘরকুনোদের দিনটি কাটে

খই-মটরের সুখে।

 

কৃষাণি দেয় নকশিকাঁথায়

রঙিন সুতার ফোঁড়,

সুচের সাথে ভাবনাগুলো

খোলে স্বপ্ন দোর।

 

ডানপিটেদের মাতামাতি

ভেজা ক্লান্তিহীন,

ব্যাঙের সুখ, পাখপাখালির

কষ্ট রাত্রিদিন।

 

মেঘ বালিকা লুকিয়ে পড়ে

দুঃখ খোঁজার তরে,

বর্ষাকালে নূপুর পরে

ঝমঝমাঝম ঝরে।