ভ্যাট নিবন্ধন ৫ লাখ ছাড়ালো

আপডেট : ২৯ মে ২০২৪, ০৩:৩০

মূল্য সংযোজন কর বা ভ্যাট নিবন্ধন ৫ লাখ ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও এখন পর্যন্ত ৩ লাখ ৪৩ হাজার ৯৬৭টি প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দাখিল করে। এনবিআরের হিসাব অনুযায়ী গত ২৫ মে পর্যন্ত নিবন্ধন নিয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৫৪টি প্রতিষ্ঠান।

গত ৯ মে নিবন্ধন ৫ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে নিবন্ধন ৫ লাখ ছাড়িয়ে যাওয়ায় কেক কেটে এই মাইলফলক উদযাপন করা হয়েছে। সম্প্রতি এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম কেক কাটেন। ভ্যাট বিভাগের হিসাব অনুযায়ী গত ৯ মে প্রথমবারের মতো ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। ২৫ মে পর্যন্ত নিবন্ধন নিয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৫৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকার চারটি ভ্যাট কমিশনারেটের আওতায় রয়েছে ২ লাখ ৯৩ হাজার ৬৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান।

অর্থাৎ, সারা দেশে যত ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আছে, তাদের মধ্যে ৫৯ শতাংশই ঢাকা ও এর আশপাশের এলাকার প্রতিষ্ঠান।

হিসাব অনুযায়ী, ১১টি ভ্যাট কমিশনারেটের মধ্যে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা ১ লাখ ২২ হাজার ৮২৩। মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ২৫ শতাংশই ঢাকা দক্ষিণ কমিশনারেটের আওতায়। ঢাকা উত্তরে ভ্যাট কমিশনারেটে আছে ৮০ হাজার ৭৭৯টি প্রতিষ্ঠান। এ ছাড়া ঢাকা পূর্ব ও পশ্চিমে আছে যথাক্রমে ৩১ হাজার ১৫৪টি এবং ৫৮ হাজার ৯০৪টি প্রতিষ্ঠান।

রাজধানী ঢাকার পরে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে। চট্টগ্রামে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫২ হাজার ২৭৮। রংপুর, সিলেট, রাজশাহী, খুলনা, যশোর ও কুমিল্লায় আছে বাকি ১ লাখ ৫৫ হাজার ৫৮০টি প্রতিষ্ঠান। এ ছাড়া বৃহৎ করদাতা ইউনিটে সব মিলিয়ে ১১০টি প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে।

ইত্তেফাক/এমএএম