‘অভিনয় আমার প্রথম প্রেম’

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২০:৫৫

বিনোদন রিপোর্ট

 

ঢাকার মঞ্চে দেখা যাবে অঞ্জন দত্তকে। কয়েক মাস আগেই এমন খবর পাওয়া গেছে। অবশেষে আগামীকাল মঞ্চে উঠবেন অঞ্জন। ক্যারিয়ারে একজন সংগীতশিল্পী হিসেবে পরিচিত পেলেও অঞ্জন তাঁর ক্যারিয়ার শুরু করেন অভিনয় করার উদ্দেশ্যে। তবে সেই সরলপথের হিসেব মেলেনি তাঁর। পরিচিতি পেলেন একজন সংগীতশিল্পী হিসেবে। তবে দেরিতে হলেও অভিনেতা হিসেবে জনপ্রিয় হন তিনি। পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। শুধু তাই নয়, মঞ্চনাটকেও ভক্তদের ভালোবাসা পেয়েছেন এই শিল্পী। আগামীকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের মঞ্চে দেখা যাবে তাঁকে।

 সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে অঞ্জন দত্ত নির্দেশিত ও অভিনীত নাটক ‘সেলসম্যানের সংসার’।

ঢাকায় আসা নিয়ে অঞ্জন দত্ত বলেন, ‘আমার গানের ভক্ত অনেকে। কিন্তু অভিনয় আমার প্রথম প্রেম।

ইচ্ছে ছিল ঢাকার মঞ্চে অভিনয় করবো। ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। ২১ বছর বয়স থেকে অভিনয় করে চলছি। নাটক করার জন্য বহুদিন জার্মানিতেও লড়াই করেছি।’

শিল্পকলায় নাটক শেষে ছাপাখানার ভূত থেকে প্রকাশিত হবে তাঁর নাট্যজীবন নিয়ে বই ‘নাট্যঞ্জন।’ পাশাপাশি গুণী এই শিল্পী তাঁর বর্ণাঢ্য জীবন নিয়েও কথা বলবেন। এছাড়া দর্শকদের অনুরোধে অনুষ্ঠানে তিনি গানও গাইবেন।