কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন আজ

আপডেট : ৩০ মে ২০২৪, ০১:১৭

বঙ্গবন্ধুবিষয়ক গবেষক হিসেবে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন আজ ৩০ মে। তিনি ১৯৫৮ সালের এই দিনে শেরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় শ' খানিক। তিনি মূলত কবি হলেও শিল্প-সাহিত্যের সব শাখায় বিচরণ করছেন।

দুলাল দীর্ঘ দেড় যুগ ধরে প্রবাসযাপন করলেও এক মুহূর্তের জন্যও শেকড় থেকে বিচ্ছিন্ন হননি। বরং প্রবাস জীবনের নানা অনুষঙ্গে অভিনব ভাবে কবিতা লিখছেন এবং নিজেকেই অতিক্রম করছেন প্রতিনিয়ত। পক্ষান্তরে বাংলা কবিতাকে আরও সমৃদ্ধ করেছেন, নতুন মাত্রা দিয়েছেন। তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক এবং বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা গ্রন্থগুলো প্রশংসার দাবি রাখে।

বিটিভির শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘দৃষ্টি ও সৃষ্টি’র উপস্থাপক ছিলেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল। তাঁর লেখা বেশকিছু গান ও নাটক বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন মিডিয়ায় প্রচারিত নাটকসমূহ, যেমন— সাযযাদ আমিনের কথা, জাকির, সাদিকের জীবন ও সাহিত্য, বৃক্ষবন্দনা, মুহম্মদ আলির চিঠি, ভালোবাসি ভালোবাসি, ওডারল্যান্ড, শাখা ও শেকড়, বৈশাখী, জাদুকর ইত্যাদি। ‘ও ও বাংলাদেশ, বাংলাদেশ’, ‘এ দেশ আমার মায়ের আরেক নাম’, ‘ঐ পতাকায় তাকিয়ে দেখি আমার মায়ের শ্যামলা মুখ’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের রচয়িতাও তিনি।

ছাত্রাবস্থায় দৈনিক ইত্তেফাকের মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন দুলাল। পরে দেশের বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন। ১৯৮০ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৬ সালে তৎকালীন সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। ২০০৫ সাল থেকে তিনি সপরিবারে কানাডায় বসবাস করছেন এবং দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

এবছর শেরপুর প্রেসক্লাব তাঁর জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে। এছাড়াও বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিনের কেক কাটা হবে। একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কয়েকজন বিশিষ্টজনকে ওই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে।

ইত্তেফাক/এসটিএম