ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম দিন গতকাল রবিবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকে বড়ো ধরনের পতন হয়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯০ পয়েন্টে।
গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার। যা পূর্বের কার্যদিবসের চেয়ে ৭২ কোটি টাকা কম। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪৮৭ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪ শতাংশ বা ৮৭টির, কমেছে ৬৮ শতাংশ বা ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ শতাংশ বা ২৭টির।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো জেএমআই সিরিঞ্জ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, রানার অটোমোবাইলস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল ও ন্যাশনাল পলিমার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—গ্লোবাল ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগার মিল, এমারেল্ড ওয়েল, এইচআর টেক্সটাইল, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, মুন্নুু সিরামিক ও বসুন্ধরা পেপার।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিক সূচক সিএএসপিআই ১৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৩৩ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
