ইত্তেফাক রিপোর্ট
ব্যক্তিগত করের সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনার আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। শনিবার অর্থ আইন, জাতীয় বাজেট ২০১৯-২০, নতুন ভ্যাট নীতি এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া শীর্ষক সিপিডি সেমিনার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনবিআর সদস্য (ট্যাক্স পলিসি) কানন কুমার রায় ও সদস্য (ভ্যাট পলিসি) ড. আবদুল মান্নান শিকদার। আইসিএসবির প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি ব্যক্তিগত সম্পদের ওপর সারচার্জ অপসারণের জন্য অনুরোধ জানান। তার মতে এর ফলে দেশের মানুষ সম্পদ অবৈধভাবে বিদেশে পাঠাতে উত্সাহিত হবে না। কারণ এভাবে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যায়।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৯২ শতাংশ বেশি। এনবিআর মনে করে, রাজস্ব সংগ্রহে কোম্পানি সেক্রেটারিগণের আরো এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন বাংলাদেশ বিশ্বের শুল্ক রেয়াত প্রদানকারী দেশের মধ্যে অন্যতম। সহজে বাস্তবায়ন করার জন্য ভ্যাট আইন নমনীয় করা হয়েছে। এনবিআর এর মূল উদ্দেশ্য করদাতার সংখ্যা বৃদ্ধি করে ১ কোটি পর্যন্ত উন্নীত করা। এর জন্য আমরা উপজেলা পর্যন্ত যাওয়ার চিন্তা-ভাবনা করছি। তিনি আশ্বস্ত করেন, চার্টার্ড সেক্রেটারিগণ আইটিপি হিসেবে যাতে পেশাগতভাবে পরিষেবা প্রদান করতে পারেন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
