সিলেটে বন্যার্ত মানুষের মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

আপডেট : ৩০ মে ২০২৪, ২৩:৪৬

উজান থেকে নামা পাহাড়ি ঢলে বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। অকাল বন্যায় এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে সিলেটের চারটি উপজেলার শতাধিক গ্রাম। পানিবন্দি প্রায় তিন লাখ মানুষ। এদিকে সিলেটের পানিবন্দি মানুষদের পাশে দাঁড়িয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ।

দুর্গত এলাকায় সিওমেক ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। গোয়াইনঘাট উপজেলার রোস্তমপুর ইউনিয়নে তারা পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার, চিড়া, মুড়ি ও রান্না করা খিচুড়ি ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। পানিতে ভিজে পিঠে করে খাবার বয়ে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তারা।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ইত্তেফাককে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে ছাত্রলীগ। সে ধারাবাহিকতায় আমরা এবারও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।

এদিকে সুরমা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। সুরমা-কুশিয়ারার মিলনস্থল অমলশীদে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু গোয়াইনঘাট উপজেলার ৭৫ ভাগ এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে। পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। গোয়াইনঘাট উপজেলায় খোলা হয়েছে ৫৬টি আশ্রয়কেন্দ্র। বাড়িঘর ছেড়ে মানুষ ছুটছে সেখানে। বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

ইত্তেফাক/এসটিএম