স্পোর্টস রিপোর্টার
সবকিছু ঠিক থাকলে এক নম্বর দল হিসেবে প্রথম পর্ব শেষ করার কথা ছিল অস্ট্রেলিয়ার। সে ক্ষেত্রে তাদের সেমিফাইনালে লড়াই করার কথা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু শনিবার রাতের ফলাফলে এলোমেলো হয়ে গেছে অস্ট্রেলিয়ার সাজানো বাগান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ রানে হেরেছে তারা। ফলে দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। এদিকে, শ্রীলঙ্কাকে স্বাভাবিক ভাবেই হারিয়েছে ভারত। এর ফলে প্রথম স্থানে থেকে প্রথম পর্ব শেষ করেছে বিরাট কোহলির দল। পয়েন্ট তালিকার ৩ নম্বরে ছিল ইংল্যান্ড এবং ৪ নম্বরে ছিল নিউজিল্যান্ড।
আগে থেকে ঘোষিত সূচি অনুযায়ী ১ নম্বরে থাকা ভারতের সাথে ৪ নম্বরে থাকা নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। ম্যানচেস্টারে ৯ জুন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টা থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। আর ২ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ৩ নম্বরে থাকা ইংল্যান্ড। ১১ জুন বার্মিংহামে একই সময়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। আর ১৪ জুন লর্ডসে অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনালের বিজয়ী দলকে নিয়ে ফাইনাল ম্যাচ।
ম্যানচেস্টার দক্ষিণ আফ্রিকাকে জয়ের ভিত্তি গড়ে দেন ব্যাটসম্যানরা। আগে ব্যাট করে তারা ৬ উইকেটে ৩২৫ রান করে। দুই ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক ভালো সূচনা এনে দেন দলকে। মার্করাম ৩৪ ও ডি কক ৫২ রান করেন। তবে আসল কাজটা করেন অধিনায়ক ফাফ ডু প্লেসি ও রাসি ভ্যান ডার ডুসেন। ডু প্লেসি ১০০ ও ডুসেন ৯৫ রান করেন।
জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ১১৯ রান তুলতে তারা ৪ উইকেট হারিয়ে ফেলে। তবে এক প্রান্তে ডেভিড ওয়ার্নার ১২২ রানের দূরন্ত ইনিংস খেলেন। শেষ দিকে অ্যালেক্স কেরি আবারও চেষ্টা করেছিলেন দলকে জেতানোর। তিনি ৬৯ বলে ৮৫ রান করেন। তারপরও ৩১৫ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়ের ভিত্তি গড়ে দেন বোলাররা। আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৭ উইকেটে ২৬৪ রান করতে পারে। ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিলো লঙ্কানরা। এরপর অ্যাঞ্জোলো ম্যাথুসের ১১৩ ও লাহিরু থিরিমান্নের ৫৩ রানে মোটামুটি সম্মানজনক একটা স্কোর পায় দলটি।
জবাবে বরাবরের মতো ভয়ঙ্কর ছিল ভারতের ওপেনিং জুটি। রোহিত শর্মা নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন বিশ্বকাপে। তাকে নতুন করে সঙ্গ দেওয়া লোকেশ রাহুলও ১১১ রান করেন। এই দুই জন বিদায় নেওয়ার পর বাকি পথটা ভারত পাড়ি দিয়ে ফেলে বিরাট কোহলির ওপর ভর করে। তিনি ৩৪ রানে অপরাজিত থাকেন। ৬.৩ ওভার বাকি থাকতেই জয় পেয়ে যায় ভারত।
বিশ্বকাপ সূচি
সেমিফাইনাল ও ফাইনাল
তারিখ খেলা প্রতিদ্বন্দ্বী ভেন্যু সময়
৯ জুলাই ১ম সেমিফাইনাল ভারত-নিউজিল্যান্ড ম্যানচেস্টার ৩:৩০টা
১১ জুলাই ২য় সেমিফাইনাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বার্মিংহাম ৩:৩০টা
১৪ জুলাই ফাইনাল — লর্ডস ৩:৩০টা
