সাকিবের ক্যারিয়ার সেরা র্যাংকিং

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:১১

স্পোর্টস ডেস্ক

ওয়ানডেতে আগে থেকেই তিনি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে এক নম্বরেই ছিলেন। বলাই বাহুল্য, সেই অবস্থানের কোনো ব্যতিক্রম হয়নি। তবে, এবার ব্যাটসম্যানদের র্যাংকিংকেও ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের মঞ্চে ৬০৬ রান করে ১০ ধাপ ওপরে উঠে এখন তিনি আছেন ২২ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৬৯২।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে অবশ্য সবার আগে আছেন মুশফিকুর রহিম। তিনি আছেন ১৯ নম্বরে। তার এক ধাপ উন্নতি হয়েছে। আর র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন বিরাট কোহলি। ধারাবাহিক রানের মধ্যে থাকা ভারতীয় এই অধিনায়ক চলতি বিশ্বকাপে করেছেন পাঁচটি হাফ সেঞ্চুরি।

বিরাট কোহলির পরেই আছেন রোহিত শর্মা। যদিও, কোহলির সঙ্গে ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরেই পাঁচটি সেঞ্চুরি করা এই ওপেনার রেটিং পয়েন্টে ৫১ পয়েন্ট এগিয়েছেন। ছুঁয়েছেন ক্যারিয়ার সেরা ৮৮৫ রেটিং পয়েন্ট। কোহলির রেটিং পয়েন্ট ৮৯১। এদিকে চার ধাপ এগিয়ে তিন নম্বরে চলে এসেছেন পাকিস্তানের বাবর আজম।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবার আগে আছেন মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের মঞ্চে ২০ উইকেট পাওয়া এই পেসার আছেন ১৪-তে। তিন ধাপ এগিয়েছেন তিনি। আর ডান হাতি অফস্পিনার মেহেদী হাসান মিরাজ আছেন ১৬-তে। তাঁর ছয় ধাপ অগ্রগতি হয়েছে।

৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় সেরা বোলার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তার রেটিং পয়েন্ট ৭৫৮। 

দলগত ভাবে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৩। যদিও, ভারত তাদের চেয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থেকে আছে দুই নম্বরে। তিন ও চারে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই দলেরই রেটিং পয়েন্ট ১১২। তবে, ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের আছে সাত-এ। তাদের রেটিং পয়েন্ট ৮৯।