বসুন্ধরার টানা ১২ জয়

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:১২

আবাহনী ব্রাদার্স ম্যাচ আজ

  স্পোর্টস রিপোর্টার

গতকাল বিকালে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবলে বসুন্ধরা কিংস ২-০ গোলে বিজেএমসিকে হারিয়ে নিজেদের আরেকটি কাজ এগিয়ে রাখল। প্রথমার্ধে ফয়সাল এবং দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান মারকোস গোল করেন। বসুন্ধরা টানা ১২ জয় তুলে নিল। এই বিজেএমসির বিপক্ষে লিগের প্রথম পর্বে গোলশূন্য ড্র করেছিল বসুন্ধরা। এখন ১৮ খেলায় (১ ড্র, ১৭ জয়) ৫২ পয়েন্ট বসুন্ধরার। আবাহনীর চেয়ে ৭ পয়েন্ট উপরে।

আবাহনী আজ ব্রাদার্সের মুখোমুখি হবে। দুই দলই মহাবিপদে রয়েছে। আবাহনী ছুঁতে পারছে না বুসন্ধরাকে। বসুন্ধরা পয়েন্ট হারালে আবাহনীর সুবিধা। সেটাও হচ্ছে না। আর যদি আবাহনী আজ পয়েন্ট হারায় তাহলে বসুন্ধরাও শিরোপা উত্সবের প্রস্তুতি নিতে শুরু করবে। কঠিন পরিস্থিতির মুখোমুখি কোটি কোটির সমর্থকের দল আবাহনী। ১৭ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে ব্রাদার্স রেলিগেশনের মরণ ফাঁদ হতে বাঁচার লড়াই করছে। ব্রাদার্স চায় যেভাবেই হোক পয়েন্ট পেতে হবে আজ। সেটা সম্ভব কি না মাঠের লড়াইয়ে প্রমাণ হবে। দুই দলই যদি নিজেদের সংকটের কথা ভেবে মাঠে লড়াই করে তাহলে বোঝাই যায় উত্তেজনার পারদ ছড়াবে মাঠে।

আজকের খেলা :

আবাহনী ও ব্রাদার্স। ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। নোফেল ও আরামবাগ। ৪টা, নোয়াখালী।