পাকিস্তানে ফের কমলো জ্বালানি তেলের দাম

আপডেট : ০২ জুন ২০২৪, ০৯:২৯

পাকিস্তানে আবারও কমলো জ্বালানি তেলের দাম। দাম কমবে তা আগেই জানতে পেরেছিল দেশটির জনগণ। কিন্তু কতটা কমবে তা নিয়ে সরকারের দুই দপ্তরের দু’ধরনের বক্তব্যে তৈরি হয়েছিল বিভ্রান্তি। শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার করলো প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। তারা জানিয়েছেন, পাকিস্তানে পেট্রলের দাম লিটারপ্রতি ৪ দশমিক ৭৪ রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম ৩ দশমিক ৮৬ রুপি কমানো হচ্ছে। খবর ডনের।

তেলের দাম এতটা কমানোর ঘোষণা শুক্রবার গভীর রাত পর্যন্ত পাকিস্তানি মিডিয়ায় প্রচুর আলোচনা চলে। কিন্তু ওজিআরএ এবং অর্থ ও জ্বালানি মন্ত্রণালয় পৃথকভাবে পিএমও’র বিবৃতির বিরোধিতা করলে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। শেষ পর্যন্ত নানা নাটকীয়তা শেষে জয় হয় অর্থ মন্ত্রণালয়েরই। 

মাঝরাতে এক ঘোষণায় মন্ত্রণালয় বলেছে, গত ১৫ দিন ধরে আন্তর্জাতিক বাজারে পেট্রলিয়াম পণ্যের দাম কমার প্রবণতা দেখা গেছে। সে অনুযায়ী পাকিস্তান সরকার পেট্রলিয়াম পণ্যের মূল্য সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। 

শুধু পেট্রল-ডিজেলই নয়, পাকিস্তানে দাম কমেছে কেরোসিন এবং এলপিজি সিলিন্ডারেরও। জুন মাসের জন্য গার্হস্থ্য ১১ দশমিক ৮ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ দশমিক ৬ শতাংশ বা ৪৫ দশমিক ৬২ রুপি কমানোর ঘোষণা দিয়েছে ওজিআরএ।

ইত্তেফাক/এনএন