শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ১১

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪১

বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্রে নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্রে নিয়োগের দাবিতে গতকাল রবিবার দ্বিতীয় দিনের মতো রাজপথের সঙ্গে রেলপথ অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশি লাঠিচার্জের মুখে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা। এ ঘটনায় বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন শ্রমিককে পুলিশ আটক করেছে বলে শ্রমিকদের দাবি। এতে রেল চলাচল বিঘ্নিত হয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির উপদেষ্টা শ্রমিকনেতা এস এম নূরুজ্জামান জামান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক শ্রমিকদের মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে। 

ফুলবাড়ী রেল স্টেশনের স্টেশনমাস্টার ইসরাফিল সোহাগ বলেন, রাজশাহী থেকে চিলাহাটিগামী ৭৩৩ আপ আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী রেল স্টেশনে বেলা ১১টা ২৫ মিনিটে পৌঁছালেও অবরোধের কারণে ৪০ মিনিট পর বেলা ১২টা ৫ মিনিটে পার্বতীপুর অভিমুখে ছেড়ে যায়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, শ্রমিকরা সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করায় সড়কে যানবাহন চলাচল বন্ধসহ যানজটের সৃষ্টি হয়। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শ্রমিকদেরকে সড়ক থেকে সরে যেতে বলা হয়। কিন্তু তারা সেটি না করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে গলায় ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করলে তাদের ওপর পুলিশকে লাঠিচার্জের নির্দেশ দেওয়া হয়।

ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের পাশাপাশি রেললাইনের ওপর লাল পতাকা লাগিয়ে রেল চলাচল বন্ধ করার অপচেষ্টা চালালে রেললাইন থেকে পুলিশ লাল পতাকা সরিয়ে দিয়ে অবরোধ তুলে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু শ্রমিকরা সেটি না করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এ কারণে বাধ্য হয়ে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জসহ ৮ থেকে ৯ জনকে আটক করেছে। অবরোধকারীদের কারণে ট্রেনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়েছে।