শাহবাজপুরে নতুন সেতু দিয়ে যান চলাচল শুরু

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪২

ঢাকা-সিলেট মহাসড়ক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিত নতুন সেতু। গতকাল রবিবার সকাল থেকে পুরোদমে এর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। তবে সেতুর কাজ পুরোপুরি শেষ হতে আরো ৬ মাস সময় লাগবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা।

সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন জানান, শনিবার রাত ৮টার পর যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়। পুরাতন সেতুটি খুবই ঝুকিপূর্ণ হয়ে পড়ায় নির্মাণাধীন নতুন সেতুর কাজ দ্রুত গতিতে করা হয়। অবকাঠামোগত কাজ এগিয়ে আনা হয় এক মাস। নিরাপদে যানবাহন চলাচলের জন্যই সেতুটি আপাতত চালু করা হয়েছে। সেতুটির পুরোপুরি কাজ শেষ হতে আরো ৬ মাস লাগবে। আগামী ডিসেম্বর নাগাদ সেতুটির নির্মাণ কাজ শেষ হবে।

গত ১৮ জুন পুরাতন সেতুর একটি অংশ ভেঙে পড়লে সারাদেশের সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ছয় দিন পর সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার শিকার হলে সংস্কার কাজের জন্য বন্ধ রাখা ঝুঁকিপূর্ণ পুরাতন সেতু সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ২৫৪ মিটার দীর্ঘ আর ১৬ মিটার প্রস্থের নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৭ সালে। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৫৯ কোটি টাকা। সেতুটি চলতি বছরের জুন মাসে চালু হওয়ার কথা ছিল। এদিকে সেতুটি চালু হওয়ায় সহজেই যানবাহনগুলো চলাচল করতে পারছে। কোনো রকম সমস্যা হচ্ছে না। স্বস্তি প্রকাশ করছে যানবাহন চালক আর যাত্রীরা।