ভাঙ্গুড়ায় গরু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪৬

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন। তারা লাঠিসোঁটা, বাঁশি, টর্চলাইট প্রভৃতি নিয়ে ভোর রাত পর্যন্ত রাস্তায় অবস্থান করেন। গ্রামবাসী জানান, গত এক মাসে পাটুলিপাড়া, কাশিপুর, ভেড়ামারা, পাথরঘাটা, কৈডাঙ্গা ও রাঙ্গালিয়া গ্রামে ২০টি গরু, ২টি মহিষ ও ১০টি ছাগল চুরি হয়েছে।

পাটুলিপাড়া গ্রামের আব্দুর রউফ বলেন, দুর্বৃত্তরা আমার গলায় ছুরি ধরে একটি বাছুরসহ পাঁচটি বড়ো গাভী ছিনিয়ে নিয়ে গেছে।

পারভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান হেদায়তুল্লাহ হক বলেন, গ্রামবাসীর সঙ্গে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ছোটো দলে বিভক্ত করে পাহারা জোরদার করা হয়েছে। এজন্য ইউনিয়ন পরিষদ থেকে পাহারাদারদের পরিচয়পত্র, লাঠি, বাঁশি, ছাতা প্রভৃতি সহায়তা দেওয়া হচ্ছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রামবাসী ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সঙ্গে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

তিনি জানান, শনিবার রাতে স্বপন, এরশাদ ও আনোয়ার নামের তিন গরু চোরকে আটক এবং একটি গাভী উদ্ধার করা হয়েছে।