একজন গ্রেফতার
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের কামারখন্দে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে তাঁত শ্রমিক আমজাদ হোসেন মণ্ডলকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরী গ্রামে এ ঘটনা ঘটে। আমজাদ তেঘরী গ্রামের মৃত ফজল মণ্ডলের ছেলে।
নিহতের ছোট ভাই লিটন জানান, শনিবার রাতে আমজাদকে বাইরে ডেকে নেয় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের তালুকদারপাড়া ভদ্রঘাট গ্রামের আব্দুল হালিমসহ আরো কয়েকজন। পরে আমরা বের হতেই তারা আমজাদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রবিবার দুপুরে নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের মধ্যে হাফিজুল ইসলাম মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ।
কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলায় অভিযুক্ত হাফিজুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
