ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ফরহাদ হোসেন হত্যা মামলায় তাবারক হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন। এদিকে অভিযুক্ত না হওয়ায় মামলার বাকী আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার রায়ের বিবরণে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের আব্দুর রশিদ আকন্দের পুত্র তাবারক হোসেন আকন্দের সঙ্গে একই এলাকার তফাজ্জল হোসেনের ছেলে ফরহাদ হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর সকালে তাবারক হোসেনের সঙ্গে ফরহাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাবারক হোসেন রাম দা দিয়ে ফরহাদের মাথায় আঘাত করে তাকে বাড়ির পাশে কঁচু খেতে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ফরহাদের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। পরদিন ফরহাদের বড় ভাই সারোয়ার জাহান বাদী হয়ে তাবারক হোসেনসহ ৯ জনকে আসামি করে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ শেষে রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এই রায় ঘোষণা করেন।
