নরসিংদীতে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪৭

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে চালককে জিম্মি করে ইজিবাইক ও মিশুক চোর ও ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার থেকে শনিবার রাত পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালির সবুজ মিয়া, জাহাঙ্গীর হোসেন, বরিশালের শাহ আলী, কুমিল্লা এলাকার শাওন, বাগেরহাটের সিরাজ মিয়া, ঢাকার আরিফ ও নরসিংদীর বুলবুল তপন মিয়া। তাদের নিকট থেকে চোরাই দুটি ইজিবাইক ও তিনটি মিশুক উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, দীর্ঘদিন ধরে আন্তঃজেলা এ চক্রটি নরসিংদীসহ আশপাশের জেলায় চালকদের জিম্মি, অজ্ঞান করাসহ অন্য কৌশলে ইজিবাইক ও মিশুক চুরি ও ছিনতাই করে আসছে। পরে ছিনতাই করা এসব ইজিবাইক কমদামে বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়া হয়। কখনো কখনো এসব ঘটনায় ইজিবাইক বা মিশুক চালকেরা হতাহতও হয়ে থাকেন। এসব ঘটনার জের ধরে গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের দখল থেকে দুইটি চোরাই ইজিবাইক ও তিনটি মিশুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।