রাণীশংকৈলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪৮

১৫০ পরিবার পুনর্বাসিত

 রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের নেতৃত্বে আছেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা। তিনি বলেন, সরকারি নির্দেশনার আলোকে গত ৪ এপ্রিল ও ৯ মে ৪ দফায় সংশ্লিষ্ট অবৈধ বসবাসকারী ব্যক্তিদের কাছে নোটিশ পাঠানো এবং মাইকিং করা হলেও কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায়, গত ১০ জুন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয় যা এখনো চলমান আছে। অ্যাসিল্যান্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তোহা বাজারের ২.২০ একর, চান্দিনাভিটের ৪০ শতাংশ, বাগানবাড়ির ১.৯৩ শতাংশ মোট ৪ একর ৫৩ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

ইতিমধ্যে বাগানবাড়ি ও বাজারে উচ্ছেদকৃত ১৫০টি পরিবারকে বালিয়াপুকুর ও মহিষডুবা পুকুরপাড়ে পুনর্বাসিত করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম ও ইউএনও মৌসুমি আফরিদা বলেন, সরকারের অবৈধ অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চলছে এবং উচ্ছেদকৃতদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।