হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪৮

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারী উপজেলার ফটিকা গ্রামের মেহেদী পাড়ায় প্রবাসীর স্ত্রী ও পাঁচ মাসের শিশু সন্তানের মা নিশুকে (১৯) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরের দিকে পৌরসভার ফটিকা গ্রামের পূর্ব মেহেদী পাড়ার দুলা মিয়া সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নানা মো. শফিউল্লাহ জানান, তারা নিশুকে নির্যাতন করতে করতে গলা টিপে হত্যা করেছে। এদিকে, অভিযুক্ত শ্বশুর বলেন, তার পুত্রবধূ স্ট্রোক করে মারা গেছে। পরে তাকে নিয়ে সদরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মাসুম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে। আর ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে।