বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার কে? আপনাকে এই প্রশ্ন করা হলেও যে নামটা আপনার মাথায় সবার প্রথমে আসবে সেটা হলো, ‘মোহাম্মদ আশরাফুল।’ ২২ গজে বিশ্বের বাঘাবাঘা বোলারদের বিপক্ষে ছড়ি ঘুরিয়ে দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথটা তার ব্যাট থেকেই দেখেছিল ক্রিকেট সমর্থকরা। যার সুবাদে বিশ্বের বড় বড় ক্রিকেট বিশ্লেষকদের প্রশংসা কুড়িছেন তিনি ভুঁড়ি ভুঁড়ি। তারপর থেকেই বিশ্ব নতুন করে চিনতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেটকে।
বেলা গড়িয়েছে, সময় বদলেছে। দলে এসেছে একের পর এক নতুন মুখ, হয়ে উঠেছেন ক্রিকেটের তারকা। আর অন্যদিকে মাঠের খেলা ছেড়ে বতর্মানে ২২গজের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করে থাকেন বিশ্বের এই সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। মাঠে খেলার মতো এখানেও নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়। মাঠের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরছেন টিভির পর্দায় কিংবা পত্রিকার কলামে। ২২ গজের মতো এখানেও তিনি পাচ্ছেন দর্শক ও পাঠকদের বাহবা।
চলমান ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ক্রিকেট কিংবা ফুটবল প্রত্যেক বৈশ্বিক টুর্নামেন্টে দৈনিক ইত্তেফাক নিজেদের পাঠকদের জন্য বিশেষ কিছু আয়োজন থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। এবার বিশ্বকাপের প্রতিটি ম্যাচের খুঁটিনাটি বিষয়গুলো পাঠকদের কাছে তুলে ধরতে বিশেষ কলামের আয়োজন করেছে ইত্তেফাক।
এবারের আসরটি চলবে আগামী ২৯ জুন পর্যন্ত, আর এ সময়টায় ইত্তেফাকের পাঠকদের জন্য বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে পুরো টুর্নামেন্ট জুড়ে ইত্তেফাকে কলাম লিখবেন মোহাম্মদ আশরাফুল। আজ থেকে প্রকাশিত এই বিশেষ কলাম। দেশের প্রথম সুপারস্টারের কলাম পড়তে ও বিশ্বকাপের খুঁটিনাটি বিষয়গুলো জানতে চোখ রাখুন ইত্তেফাকে।

