ইত্তেফাক রিপোর্ট
আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে (আইপিসিডব্লিউসি) অংশ নিতে গতকাল রবিবার লন্ডন গেছেন বাংলাদেশের সংসদ সদস্যদের টিম। আগামী ৯ থেকে ১৪ জুলাই ইংল্যান্ডে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে ১৭ সদস্যের বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়।
সম্প্রতি দেশ ছাড়ার আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত্ করে বাংলাদেশের সংসদীয় দল। কোচ দীপু রায় চৌধুরীর তত্ত্বাবধানে চার সদস্যের একটি কারিগরি টিম বাংলাদেশ দলকে প্রস্তুত করছে। তারাও এই দলের সঙ্গে লন্ডনে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম স্বাগতিক সংসদের সঙ্গে টুর্নামেন্টের সমন্বয় করছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইসিসি বিশ্বকাপের পাশাপাশি এই টুর্নামেন্টে আটটি দেশ—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ডের সংসদ সদস্যরা অংশ নেবেন। দুটি গ্রুপে বিভক্ত হয়ে লন্ডনের বিভিন্ন ক্রিকেট মাঠে খেলবে আটটি দল। টুর্নামেন্ট চলাকালে অংশগ্রহণকারী দেশের সংসদীয় ক্রিকেটাররা ৮ জুলাই হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউয়ের বাসভবনে, ৯ জুলাই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের কার্যালয়ে এবং ১৪ জুলাই ডাউনিং স্ট্রিটের রোজ গার্ডেনে প্রধানমন্ত্রী থেরেসা মের সংবর্ধনায় যোগ দেবেন।
বাংলাদেশের সংসদীয় ক্রিকেট দলের সদস্যরা হলেন নাইমুর রহমান দুর্জয়, নূরুন্নবী চৌধুরী শাওন, মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী), ফাহমি গুলন্দাজ বাবেল, রাজি মোহম্মদ ফখরুল, নাহিম রাজ্জাক, শেখ তন্ময়, সানোয়ার হোসেন, আদিলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।
