তেমন কোন ক্ষতি হয়নি
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে (সেন্ট্রাল লাইব্রেরি) আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাইব্রেরির বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আগুনের ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত লাইব্রেরি বন্ধ থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাইব্রেরির পেছনের গেটের পাশের কয়েকটি তার থেকে আগুন লেগে ধোঁয়া ছাড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে লাইব্রেরির কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এতে পুরোপুরি সফল হননি তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় লাইব্রেরিতে থাকা এক শিক্ষার্থী ইত্তেফাককে জানান, নিচ তলায় অফিস রুমের পাশে বিদ্যুতের তার থেকে আগুন লাগে। এ সময় সবাই দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। বইয়ের সেকশনে আগুন লাগলে বড় ধরনের ক্ষতি হতে পারত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের গ্রন্থাগারে থাকা কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে আগুন নিয়ন্ত্রণে নেয়। আগে থেকেই কর্মকর্তাদের আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া ছিল। যার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ বলেন, ‘আগুন লাগার ঘটনার পর থেকে আমরা লাইব্রেরি বন্ধ রেখেছি। আমাদের টেকনিশিয়ান যারা আছে তারা বিষয়গুলো দেখছেন। সবকিছু ঠিক করার পর আমরা আবার লাইব্রেরি চালু করব।’
প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লাগলে তা দ্রুতই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এই ভবনের সপ্তম ও অষ্টম তলার মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক বোর্ডরুমে আগুন লাগে। ওই ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অফিস রয়েছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য তাত্ক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে জ্বলন্ত সিগারেট থেকে এই আগুন লেগেছে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক ছালেহউদ্দিন জানান, বৈদ্যুতিক বোর্ডরুমে আগুন লেগেছিল। সেখানে পুরোনো কাগজপত্রসহ বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস রক্ষিত ছিল। আমরা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলি। সময়মতো আগুন নেভাতে না পারলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারত।
