বিমানবাহিনীর বিভিন্ন স্কোয়াড্রন ও ইউনিটকে পতাকা প্রদান

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২২:২৪

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত রবিবার বিমানবাহিনীর ৯ নম্বর স্কোয়াড্রন, ফাইটার কন্ট্রোল ট্রেনিং ইউনিট (এফসিটিইউ), ১ ফিল্ড ইউনিট, ২০৮ রক্ষণাবেক্ষণ ইউনিট, কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই), আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, যোগাযোগ ইউনিট ও বিমানবাহিনী রেকর্ড অফিসকে বিমানবাহিনীর পতাকা প্রদান করেন। ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিমানবাহিনীর এসব ইউনিট ও স্কোয়াড্রনকে বিমানবাহিনীর পতাকা প্রদান করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা বলা হয়।

বিমানবাহিনী ঘাঁটি বাশার-এর প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে বিমানবাহিনীর প্রধানকে স্বাগত জানান ওই ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম। পতাকা প্রদানকালে বিমানবাহিনীর প্রধান ঘাঁটি বাশার-এর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন ওমাহাঃ মাহফুজুর রহমান। পতাকা হস্তান্তরের পর বিমানবাহিনীর প্রধান বিমানবাহিনীর সকল স্তরের সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মহান স্বাধীনতাযুদ্ধে বিমানবাহিনীর সদস্যদের সাহসিকতাপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।